উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মোহাম্মদপুরে মানসিক রোগে আক্রান্ত এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনায় দুই কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উত্তরার একটি পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন উত্তরার ১১ নম্বর সেক্টরের লাইটহাউস রিহ্যাবিলিটেশন সেন্টারের কর্মী মো. জসিম উদ্দিন ওরফে পলাশ ও মো. আমিনুর ইসলাম। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের একটি বাসা থেকে ৬৩ বছর বয়সী ওই ব্যক্তিকে জোর করে মাইক্রোবাসে তোলা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
পুলিশের তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন এবং তাঁর পরিবারের উদ্যোগে তাঁকে উত্তরার ওই সেন্টারে নেওয়া হয়েছিল। তবে রিহ্যাব সেন্টারের মালিক রোগীদের হাতকড়া ব্যবহারের কোনো আইনগত বৈধতা দেখাতে পারেননি। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।