উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা সফল করতে জেলেদের সচেতন করার লক্ষ্যে নৌপথসভা ও লিফলেট বিতরণ করেছে জেলা টাস্কফোর্স। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।
আজ বুধবার বিকেল ৪টায় জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অংশগ্রহণে পদ্মা-মেঘনা নদীতে এই বিশেষ নৌপথসভা অনুষ্ঠিত হয়। সভায় চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনের কর্মকর্তারা নদীতে থাকা জেলে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সরকারের ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা সম্পর্কে সবাইকে অবহিত করেন। এই সময়ে মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রয় থেকে বিরত থাকার পাশাপাশি সবার মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।