উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে বৃক্ষরোপণ করা হয়েছে। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার ১৪ নং ঘোড়শাল ইউনিয়নের মনুড়িয়া বাজার থেকে বুজিতলা বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কজুড়ে এই চারা রোপণ করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
১৪ নং ঘোড়শাল ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. সুবিদুর রহমানের নিজস্ব অর্থায়নে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে সদর উপজেলা বিএনপির সদস্য মো. রাশেদুল ইসলাম, মনুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু নির্মল কুমার বিশ্বাস এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মনি কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে অনিন্দ্র বিশ্বাস, লিংকন বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর ফলে এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশও উপকৃত হবে বলে তারা মন্তব্য করেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সড়কজুড়ে গাছের চারা রোপণের ফলে একদিকে পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং অন্যদিকে পথচারী ও স্থানীয় বাসিন্দারা গাছের ছায়া উপভোগ করতে পারবেন।
আয়োজকরা জানান, শুধু চারা রোপণ নয়, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। যাতে এই গাছগুলো ভবিষ্যতে বড় হয়ে পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে তারা সজাগ থাকবেন।