উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিত্যপ্রয়োজনীয় পণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বারোপ করা হয়।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাল, ডাল, ভোজ্যতেল, ডিম, মুরগি, আটা, ময়দা, পেঁয়াজ ও আলুসহ নিত্যসামগ্রীর কৃত্রিম যোগসাজশে দাম বাড়ানো নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বাজারে প্রতিযোগিতাবিরোধী চুক্তি, যোগসাজশ, কৃত্রিম সংকট তৈরি, সরবরাহ নিয়ন্ত্রণ ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের তদন্ত ও আইনি পদক্ষেপের মাধ্যমে চেষ্টা অব্যাহত রয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়।
এছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রমে ডিলার নিয়োগের ক্ষেত্রে পুরোপুরি স্বচ্ছতা বজায় রাখার সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে বিদেশে বিভিন্ন বাণিজ্য মিশনে পদায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভাষাজ্ঞান রয়েছে এমন অভিজ্ঞ কর্মকর্তাদের বিবেচনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। কমিটির সদস্যদের মধ্যে মো. বরকতউল্লা বুলু, হেলেন জেরিন খান, মোহাম্মদ কামাল হোসেন, গাজী এনামুল হক এবং আবদুল মুনতাকিম বৈঠকে উপস্থিত ছিলেন।