উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বেনিনের বিপক্ষে আগামী ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে লিওনেল মেসি শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি পরবেন। তাকে বিদায় জানাতে প্রস্তুত দেশের লাখো সমর্থক। এর আগে বুরকিনা ফাসোর বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়ে বিদায়ী ম্যাচের প্রস্তুতিটা স্মরণীয় করে রাখল আলবিসেলেস্তেরা। ফিফা র্যাঙ্কিংয়ের ৬২তম দলটির বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা।
মেসিকে ছাড়া এবারের আন্তর্জাতিক উইন্ডোতে খেলছে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে চার গোলের জয় দিয়ে শুরু হয়েছিল তাদের নতুন অধ্যায়। দ্বিতীয় ম্যাচে বুরকিনা ফাসোর বিপক্ষেও দাপুটে ফুটবল খেলেছে তারা। প্রথমার্ধেই পাঁচ গোল করে তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা এবং দ্বিতীয়ার্ধে এসেছে আরও দুটি গোল।
পেনাল্টি বক্সের ভেতরে মুমুনি দিয়ালোর ফাউলের শিকার হন অগাস্টিন জিয়ায় এবং স্পট কিক থেকে বল জালে পাঠান লাউতারো মার্তিনেজ। জাতীয় দলের জার্সিতে ৪২তম গোল করে সার্জিও আগুয়েরোর সঙ্গে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন তিনি। সামনে এখন গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৪ গোলের রেকর্ড এবং ১২৫ গোল নিয়ে সবার ওপরে আছেন মেসি।
এরপর মুমুনি দিয়ালোর আত্মঘাতী গোলে আর্জেন্টিনার ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০। ম্যাচের ১২ মিনিট পূর্ণ হওয়ার আগেই জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলের দেখা পান জিয়ানলুকা প্রেস্তিয়ানি। এছাড়া চতুর্থ গোলটি করেন নিকো পাস এবং পঞ্চম গোলটি করেন হুলিয়ান আলভারেজ। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে আর্জেন্টিনার হয়ে নিজের প্রথম গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। আর ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে সপ্তম গোলটি যোগ করেন জিউলিয়ানো সিমিওনে।