উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্বয়ংক্রিয় বট ব্যবহার করে ট্রেনের বিপুল সংখ্যক টিকিট কৃত্রিমভাবে ব্লক করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে একটি অননুমোদিত ওয়েবসাইটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ ঘটনায় ওয়েবসাইটটি বাংলাদেশ থেকে ব্লক করা, জড়িতদের গ্রেপ্তার এবং ই-টিকিটিং ব্যবস্থার নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রেলওয়ে জানায়, সম্প্রতি ‘bookmyrailbd.com’ নামের একটি অননুমোদিত ওয়েবসাইট স্বয়ংক্রিয় বট ব্যবহার করে রেলওয়ের সিস্টেম থেকে বিপুল টিকিট ব্লক করছে এবং পরে তা কালোবাজারে বিক্রি করছে। এই সাইবার অপরাধের কারণে সাধারণ যাত্রীরা ন্যায্য মূল্যে টিকিট পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। যাত্রীদের স্বার্থ রক্ষায় ইতোমধ্যে সুনির্দিষ্ট তিনটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এর অংশ হিসেবে টিকিটিং পার্টনার সহজ লিমিটেডকে ই-টিকিটিং সিস্টেমের নিরাপত্তা জোরদার এবং বট প্রতিরোধে জরুরি কারিগরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অবৈধ চক্রকে চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি ওই ওয়েবসাইট, আইপি ঠিকানা এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ থেকে ব্লক করতে বিটিআরসি চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছে রেলওয়ে।
রেলওয়ে যাত্রীদের শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ‘eticket.railway.gov.bd’ এবং Rail Sheba অ্যাপ থেকে নিয়ম অনুযায়ী টিকিট কেনার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে কোনো অননুমোদিত মাধ্যম থেকে টিকিট না কিনে কালোবাজারির কোনো তথ্য থাকলে তা কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে। যাত্রীদের যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রেলওয়ে।