উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রবাসী কর্মীরা যাতে দেশে ফেরার পর বিমানবন্দরে কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারির সুপারিশ করেছে জাতীয় সংসদীয় কমিটি। একই সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি রোধে সংশ্লিষ্টদের সততা ও সতর্কতার সাথে দায়িত্ব পালনের তাগিদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব কথা বলা হয়। কমিটির সভাপতি এ, কে, এম, ফজলুল হক মিলনের সভাপতিত্বে বৈঠকে মন্ত্রণালয়ের কর্মপরিধি ও বাজেট বরাদ্দ পর্যালোচনা করা হয়।
বৈঠকে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মোট ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে গেছেন। যার মধ্যে নারী কর্মীর সংখ্যা ছিল ৩৬ হাজার ৫৯০ জন এবং একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ২৪.৭৫ বিলিয়ন মার্কিন ডলার।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ জন শিশুসহ মোট ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়। বৈঠকে জানানো হয়, বর্তমানে সরকার অনুমোদিত বেসরকারি রিক্রুটিং এজেন্সির সংখ্যা ২ হাজার ৮৬০টি যার মধ্যে সচল রয়েছে ২ হাজার ১৮৭টি।