উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহারের কারণে শিশু-কিশোরদের মধ্যে দৃষ্টিসংক্রান্ত সমস্যা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বিশ্বে প্রায় ২২০ কোটি মানুষ বিভিন্ন মাত্রার দৃষ্টিসংক্রান্ত সমস্যায় ভুগছেন এবং বাংলাদেশেও এই পরিস্থিতি উদ্বেগজনক বলে তিনি উল্লেখ করেন।
সিভিল সার্জন বলেন, দীর্ঘ সময় মোবাইল ফোন, ল্যাপটপ ও ট্যাব ব্যবহারের ফলে শিশুদের চোখের ওপর অতিরিক্ত চাপ পড়ছে যা তাদের জন্য ক্ষতিকর। আগে বয়স্কদের মধ্যে চশমা ব্যবহারের প্রবণতা বেশি থাকলেও বর্তমানে অনেক শিশুকে শ্রেণিকক্ষেই চশমা ব্যবহার করতে দেখা যাচ্ছে। শিশুদের এই স্বাস্থ্যঝুঁকি কমাতে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি ডিজিটাল ডিভাইস ব্যবহারের সময় সীমিত করা এবং নিয়মিত চোখ পরীক্ষা করানোর ওপর জোর দেন তিনি।
কৃষিকাজসহ বিভিন্ন পেশায় অসতর্কতার কারণে চোখে গুরুতর আঘাত ও জটিলতা তৈরির বিষয়েও সতর্ক করেন ডা. রাজিউল করিম। তিনি জানান, ধান কাটার মৌসুমে অনেক কৃষক পাতার আঘাতে চোখে গুরুতর সমস্যায় আক্রান্ত হন এবং কর্নিয়ায় ক্ষত ও আলসারের মতো জটিলতা নিয়ে হাসপাতালে আসেন। এই ধরনের পেশাগত ঝুঁকি এড়াতে কাজের সময় চোখের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির রাজশাহী বিভাগের ব্যবস্থাপক আরিফ আহমেদ এবং এতে ব্র্যাক ও ভিশনস্প্রিংয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিংয়ের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে পরে একটি দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।