উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিরাজগঞ্জ জেলার ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৮৫২ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, মানবকল্যাণমুখী এ মহান ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা প্রার্থনা করি ভাল মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবো। এছাড়া তিনি সত্য কথা বলা, প্রতারণা না করা, অন্যের বৈধ অধিকারকে নিজের স্বার্থের চেয়ে প্রাধান্য দেওয়া এবং আত্মশুদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপপরিচালক, স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য ছাড়াও ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মেধায় মাতি’ পর্বটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০০১ সাল থেকে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন বৃত্তি প্রদান ছাড়াও বিনামূল্যে চিকিৎসাসেবা এবং অসচ্ছল ভক্তদের মাঝে ‘ছাদকা-এ জারিয়া’ হিসেবে এককালীন মূলধন প্রদানসহ বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।