উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে কলেজ শাখা ছাত্রদল। বুধবার ৭ অক্টোবর কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু সালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাপ্পী আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এ.এইচ. এনামুল মামুন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল সরকার, যুগ্ম আহ্বায়ক আতিক হাসান পলাশ, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন জমাদ্দার, সদস্য সোহেল খান ও সদস্য ইমরান চৌধুরী।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং নতুন শিক্ষার্থীদের কলেজজীবনে স্বাগত জানিয়ে বক্তারা তাদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কলেজের নিয়ম-কানুন ও শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। নবীন বরণকে ঘিরে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নতুন শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।