উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া ২৭ জনের মধ্যে ২৪ জন জামিনে মুক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন বলে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পাওয়ার পর তাঁদের এই মুক্তি মেলে।
বাকি তিনজনের মধ্যে একজনের বাবার নামের বানানে ভুল থাকায় জামিন পাওয়ার পরও তিনি আজ কারাগার থেকে বের হতে পারেননি। তিনি জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে অবস্থিত একটি দোকানের কর্মচারীর বাবা বলে জানা গেছে। এ ছাড়া বাকি দুই নেতার জামিন আবেদনের শুনানি আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
গত ২৬ সেপ্টেম্বর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিনিধি সভা চলাকালে পুলিশ অভিযান চালিয়ে ২৮৯ জনকে আটক করেছিল। পরে তাঁদের মধ্য থেকে ২৭ জনকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়। জাসদ কার্যালয়ের ভেতরে স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এই গ্রেপ্তার দেখানো হয়েছিল বলে পুলিশ জানায়।
অন্যদিকে ঘটনার দিন জাসদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ডিএমপির অনুমতি নিয়েই ওই কেন্দ্রীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল। সভার একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা সেখানে হামলা চালালে পুলিশ এসে কার্যালয়টি ঘেরাও করে। পরে যাচাই-বাছাই শেষে সেদিন রাতেই পুলিশ অনেক নেতা-কর্মীকে ছেড়ে দিয়েছিল।