উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার ৮ অক্টোবর দিবাগত গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টা ৪০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ টিম এই অভিযানটি সফল করে।
অভিযানকালে সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন হবিগঞ্জের মো. আব্দুল হক ও মো. রুবেল মিয়া এবং ঢাকার মো. আকরাম মিয়া। প্রাথমিক তদন্তে তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য বলে ধারণা করছে পুলিশ।
উদ্ধার হওয়া গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সজাগ রয়েছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলের সচেতনতা প্রয়োজন।