উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বগুড়ার ধুনটে হটিয়াপাড়া তাবলীগুল উলুম কওমী মাদ্রাসা ও জোড়শিমুল বাজার হযরত হালিমাতুস সাদিয়া (রা.) বালিকা মাদ্রাসার যৌথ উদ্যোগে চার দিনব্যাপী হস্তলিপি প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে শিক্ষার্থীদের সুন্দর ও শুদ্ধ হাতের লেখা, লেখার সৌন্দর্য এবং লেখার প্রতি আগ্রহ তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এবং বৃহস্পতিবার (৮ অক্টোবর) পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রভাষক মো. সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত র্যাব সদস্য মো. হোসেন আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আত-ত্বহা হস্তলিপি প্রশিক্ষণ একাডেমি, ঢাকার চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম ত্বহা, যিনি শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখার গুরুত্ব তুলে ধরে নিয়মিত অনুশীলনের মাধ্যমে লেখার মান আরও উন্নত করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোড়শিমুল বাজার হযরত হালিমাতুস সাদিয়া (রা.) বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুস সবুর রহমানী, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা। প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ব্যতিক্রমীভাবে পুরস্কার বিতরণ করা হয়, যেখানে প্রথম স্থান অর্জনকারীদের হাঁস, দ্বিতীয় স্থান অর্জনকারীদের এক জোড়া কবুতর এবং তৃতীয় স্থান অর্জনকারীদের কোয়েল পাখি দেওয়া হয় এবং অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর হাতে জেল কলম তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুফতি আব্দুস সবুর রহমানী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার জন্য দোয়া করেন এবং এর মধ্য দিয়ে সুন্দর ও উৎসবমুখর পরিবেশে চার দিনব্যাপী হস্তলিপি প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘটে।