উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে হুমায়ারা বেগম (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের পূর্ব কাবিলপুর গ্রামের মিঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ারা ওই বাড়ির লিটনের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে যায় শিশু হুমায়ারা। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে পুকুরে ভাসমান অবস্থায় হুমায়ারাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।