উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর শ্যামপুরের ঐতিহ্যবাহী আইজি গেট কলোনি বস্তি উচ্ছেদ করা হয়েছে। শ্যামপুর মডেল থানা-পুলিশের সহায়তায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গত ২৬ সেপ্টেম্বর থেকে তিন দিনের বিশেষ অভিযান চালিয়ে এই কার্যক্রম সম্পন্ন করে। পুলিশ জানিয়েছে, ৫০ বছরের পুরোনো এই বস্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজি গেট ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। মাদকসেবীদের আনাগোনার কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল এবং এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কা তৈরি হয়েছিল।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্যামপুর থানা-পুলিশ দীর্ঘদিন ধরে মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট স্থানগুলো চিহ্নিত করে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিএসসিসির সহযোগিতায় মাদক কারবারিদের ব্যবহৃত বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
শ্যামপুর থানা-পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজি গেট এলাকায় মাদকসংক্রান্ত ২৯টি মামলা হয়েছে। একই সময়ে পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫১টি অভিযান পরিচালনা করে মোট ৩৮৯ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।