উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জেলায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পূজা মণ্ডপের নিরাপত্তা, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, বিদ্যুৎ সরবরাহ ও অগ্নিনিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পূজা মণ্ডপে সিসিটিভি ও আলোর ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, নামাজের সময় পূজা মণ্ডপে বাদ্যযন্ত্র ও উচ্চ শব্দ বন্ধ রাখা, মণ্ডপ ও আশপাশের এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং গুজব ছড়ানো ঠেকানোর বিষয়ে আলোচনা হয়। এছাড়া পূজা চলাকালে দর্শনার্থীদের নিরাপত্তা, নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ এবং সার্বক্ষণিক নজরদারির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এ বছর ঝালকাঠি জেলায় মোট ১৬০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে সদর উপজেলায় ৭২টি, নলছিটি উপজেলায় ২২টি, রাজাপুর উপজেলায় ১৯টি এবং কাঠালিয়া উপজেলায় ৪৭টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, প্রেসক্লাব সভাপতি আককাস সিকদার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।