উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে লোকালয়ে ঢুকে পড়া একটি মেছো বিড়াল ট্রাংকুলাইজ করে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা এই প্রাণীটিকে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে হস্তান্তর করা হয়। গত বৃহস্পতিবার উপজেলার হাশিমপুর ইউনিয়নের পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে ধনার পাড়া কাশেম মাস্টার বাড়ি এলাকা থেকে মেছো বিড়ালটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে ওই এলাকায় স্থানীয়রা একটি মেছো বিড়াল দেখতে পান। লোকালয়ের মধ্যে প্রাণীটির অবস্থান দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি আতঙ্কের সৃষ্টি হয়। পরে বিষয়টি চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমানকে জানানো হলে প্রশাসন ও বন বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান এবং উপজেলা বন কর্মকর্তা মো. রহমত আলীর সমন্বয়ে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। গত বৃহস্পতিবার উদ্ধারকারী দলটি বিশেষ পদ্ধতিতে মেছো বিড়ালটিকে ট্রাংকুলাইজ করে অচেতন করে এবং কোনো ধরনের ক্ষতি ছাড়াই নিরাপদে উদ্ধার করে।
প্রশাসন ও বন বিভাগের সমন্বয়ে প্রাণীটি উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যেও স্বস্তি ফিরে আসে। লোকালয়ে বন্যপ্রাণী দেখতে পেলে তা ধরতে বা আঘাত না করে সংশ্লিষ্ট প্রশাসন ও বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।