উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রবাসী কর্মীরা যেন বিমানবন্দরে কোনো রকম অবহেলা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে নজর রাখার সুপারিশ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে জানানো হয়, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বিশ্বে মোট ৪ লাখ ৩২ হাজার ৭৮۶ জন কর্মী পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, উল্লেখিত সময়ে ৩৬ হাজার ৫৯০ জন নারী কর্মী বিদেশে গেছেন এবং রেমিট্যান্স প্রবাহ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। এ ছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ জন শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফেরত আনা হয়েছে। অনিয়ম ও দুর্নীতি রোধে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছে কমিটি।
এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ছয় গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা তুলে ধরা হয়। বর্তমানে ১৫ দেশের ২৩ আন্তর্জাতিক গন্তব্যে বিমানের ফ্লাইট চলাচল করছে এবং ভবিষ্যতে আরও নতুন রুটে সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এছাড়া ক্যাটাগরি-১-এ উন্নীত হওয়া সাপেক্ষে নিউইয়র্কে ফ্লাইট পরিচালনার বিষয়েও কার্যক্রম অব্যাহত আছে।