উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের সব শাখা ও এটিএম বুথ থেকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই দিন থেকে গ্রাহকদের পূর্ণমাত্রায় কাউন্টার সেবা, মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংসহ ব্যাংকের সব ডিজিটাল সেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক গভর্নরের সাথে সাক্ষাৎ করতে গেলে এ নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে গভর্নর ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদার বিষয়টি উল্লেখ করেন। এ সময় আমানতকারীদের স্বার্থ রক্ষা ও ব্যাংকিং খাতের প্রতি জনগণের আস্থা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকটির সার্বিক পরিস্থিতি তুলে ধরে জানান, কেন্দ্রীয় ব্যাংকের সময়োপযোগী পদক্ষেপে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। এ সময় বাংলাদেশ ব্যাংকের চারজন ডেপুটি গভর্নর উপস্থিত ছিলেন।