উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কিশোরগঞ্জ থেকে মেয়েকে নিয়ে ঢাকায় চিকিৎসক দেখাতে এসেছিলেন ৪৬ বছর বয়সী মিজান বেগম। বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের সড়ক পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। গুরুতর আঘাতপ্রাপ্ত এই নারীকে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও পরিবার জানায়, দুপুর ১২টার দিকে সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল দেখে আতঙ্কিত হয়ে পেছনে সরে যান মিজান। এ সময় সড়ক বিভাজকের ওপর পড়ে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। প্রথমে কুর্মিটোলা ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।
এদিকে একই দিনে রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে শাওন হোসেন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। সে ডিটিএল পরিবহনের বাসচালকের সহকারী ছিল এবং তার বাড়ি ফরিদপুরে। যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।