উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাগর থেকে নদীতে আসা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার অভয়াশ্রমে আজ থেকে সব ধরণের মাছ আহরণে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। নিষেধাজ্ঞার প্রথম দিনে মেঘনা নদী ও মৎস্য অবতরণ কেন্দ্র দুটোই ফাঁকা রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের তিন নদীর মোহনা বড় স্টেশন, টিলাবাড়ী ও লঞ্চঘাট এলাকায় গিয়ে দেখা গেছে পুরো নদী ফাঁকা। কোথাও কোন জেলে নৌকা দেখা মিলেনি।
ট্রলার নিয়ে নদীতে মাইকিং করে জেলেদের সচেতন করতে দেখা গেছে জেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীদের। অপরদিকে, দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটও ফাঁকা। যেখানে নিষেধাজ্ঞার আগের দিন গতকাল বুধবারও ছিলো কর্মচাঞ্চল্যে সরগরম। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত পাইকারি ও খুচরা ইলিশ কেনাবেচা চললেও এখন ভিন্ন চিত্র দেখা গেছে।
জেলা ট্রাস্কফোর্সের পক্ষ থেকে ২২ দিনের জন্য শহরের যত বরফ কল রয়েছে, সবগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে দেশীয় জলাশয়ে চাষ করা মাছ বিক্রি করতে নিষেধাজ্ঞা নেই। মা ইলিশের প্রজনন রক্ষায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ ২২ দিনের অভিযান শেষ হবে ২৯ অক্টোবর রাত ১২টায়। এ সময় পদ্মা-মেঘনায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহণ নিষিদ্ধ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেল ও জরিমানার বিধান রয়েছে।