উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁর মান্দায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১২৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। বৃহস্পতিবার ৮ অক্টোবর বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোছাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে সভায় প্রশাসন, পুলিশ, রাজনৈতিক প্রতিনিধি ও পূজা কমিটির নেতারা অংশ নেন। সভায় পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা জোরদার, যানজট নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় বজায় রাখার আহ্বান জানান বক্তারা।