উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পারাপারের সময় লেগুনার ধাক্কায় তাসপিয়া নামের আট বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় লেগুনাটি উল্টে গিয়ে আরও তিনজন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার গৈড়লারটেক এলাকায় একটি গ্যাস পাম্পের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তাসপিয়া বাঁশখালী উপজেলার দিনমজুর আবু হানিফের মেয়ে এবং তারা চলতি মাসে গৈড়লারটেক এলাকায় ভাড়া বাসায় থাকছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে চট্টগ্রাম নগরী থেকে পটিয়াগামী একটি যাত্রীবাহী লেগুনা গৈড়লারটেক এলাকায় পৌঁছালে মহাসড়ক পারাপারের সময় শিশুটিকে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ সময় লেগুনায় থাকা মো. ইকবাল, মো. হাবিব ও আজগর আলী নামের তিনজন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কৃষ্ণা সরকার সেতু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু তাসপিয়ার মৃত্যু হয় এবং বাকি তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং একটি শিশু মারা গেছে বলে তিনি শুনেছেন।