উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শনিবার সকালে লন্ডন থেকে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। মরদেহ দেশে পৌঁছানোর পর প্রথমে তা বাসায় নেওয়া হবে এবং পরিবারের সদস্যরা শেষবারের মতো দেখবেন। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে।
বিকেল ৩টায় একই মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং বিকেল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। এর আগে গত ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
লন্ডনের জানাজায় পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন তার ছেলে রাদ শারার খালিদী। তিনি বলেন, পেশাগত জীবনে তার বাবা সাংবাদিকতাকে সৎ, নির্ভীক ও স্বাধীন পেশা হিসেবে লালন করতেন এবং এর সঙ্গে কখনো আপস করেননি।
উল্লেখ্য, ব্যক্তিগত সফরে লন্ডনে থাকাকালীন ১ অক্টোবর রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং ২ অক্টোবর দুপুরে তাকে মৃত ঘোষণা করা হয়।