উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিরপুর-১২ নম্বর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে গ্রাফিতি আঁকার কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আজ শুক্রবার সকালে মিরপুর-১০ গোলচত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে তিনি জানান, কোনো রাজনীতিকরণ না করে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের ছবি পিলারে আঁকা হবে।
শফিকুল ইসলাম খান বলেন, জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে খালেদা জিয়ার সবচেয়ে বেশি অবদান রয়েছে এবং তাঁর ছবিও মেট্রোরেলের পিলারে আঁকা হবে। পাশাপাশি ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের যেসব নেতা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন ও নেতৃত্ব দিয়েছেন, তাঁদের ছবিও স্থান পাবে। দুই সপ্তাহ আগে কাজীপাড়ায় পোস্টার অপসারণের পর এখন ওই পিলারগুলোতেই এই গ্রাফিতি আঁকার কাজ শুরু হলো।
মিরপুর-১০ নম্বর ও হোপ মার্কেটের ফুটপাত দখলমুক্ত করতে সহযোগিতা করায় মিরপুরবাসীকে ধন্যবাদ জানান ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে ইতিমধ্যে মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং পর্যায়ক্রমে ঢাকার সব এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে। ফুটপাত পুনর্দখলের চেষ্টা হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
ব্যাটারিচালিত অটোরিকশার আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রশাসক বলেন, অটোরিকশার পক্ষে আন্দোলনের পেছনে একটি বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের সম্পৃক্ততা রয়েছে। নির্বাচনের আগে মানুষকে ভুল বুঝিয়ে এখন আর পার পাওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। পরিচ্ছন্নতা, মশা নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত রাখার মাধ্যমে 'ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা' গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন শফিকুল ইসলাম খান।