উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোলার সদর উপজেলার চরসামাইয়া ও আলীনগর ইউনিয়নে মাদক কারবার, সন্ত্রাস, জমি দখল ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, মাইনউদ্দিন ও তার ভাই জসিমের নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে দুই ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না এবং কেউ প্রতিবাদ করলে হুমকি ও মারধরের শিকার হন।
চরসামাইয়া ইউনিয়নের ছিফলী, কাটাবন, সাহেব আলী বাজারসহ বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচার তৎপরতা রয়েছে এবং সন্ধ্যার পর তা আরও বাড়ে। স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা আবার সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ রয়েছে। তবে মাইনউদ্দিন ও জসিম তাদের বিরুদ্ধে ওঠা মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার করে এটিকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।
এলাকায় মাদকের বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে পুলিশ প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। ভোলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছার জানান, মাদক ও মাদক কারবারিদের নির্মূলে পুলিশ প্রতিদিনই সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন বলেন, গ্রামবাসী ও যুবসমাজকে সঙ্গে নিয়ে খুব শিগগিরই মাদক কারবারিদের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু হবে। এছাড়া চরসামাইয়া ইউনিয়ন বিজেপির সাধারণ সম্পাদক মামুন মুন্সী জানিয়েছেন, মাদক কারবারিদের কোনো দল নেই এবং মাদকের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।