উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ধোঁকাবাজ, চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলনের জাতীয় শ্রমিক কাউন্সিল ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীনতার পর থেকে কোনো সরকারই এসব লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি এবং কোনো সরকারই শ্রমিকবান্ধব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলেনি। শ্রমিকদের কাঙ্ক্ষিত মুক্তি ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমব্যবস্থা গড়ে তুলতে হবে উল্লেখ করে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী শ্রমিক আন্দোলনের দায়িত্বশীল নেতাদের প্রার্থী হওয়ার এবং তাঁদের বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
সরকারের উদ্দেশে তিনি বলেন, অটোরিকশাচালকদের ওপর জুলুম-নির্যাতন না করে প্রয়োজনীয় প্রশিক্ষণসহ দিকনির্দেশনার মাধ্যমে তাঁদের সুশৃঙ্খলভাবে যানবাহন চালানোর সুযোগ করে দিতে হবে এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা করে সুশৃঙ্খল পরিবহনব্যবস্থা গড়ে তোলা জরুরি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান দেশের চাঁদাবাজি বন্ধ করে দ্রুত শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
জাতীয় কাউন্সিল থেকে চরমোনাই পীর আগামী ২০২৭-২৮ বর্ষের জন্য ইসলামী শ্রমিক আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করেন, যেখানে মুহাম্মাদ খলিলুর রহমানকে কেন্দ্রীয় সভাপতি, কে এম বিল্লাল হোসাইনকে সহসভাপতি ও এইচ এম রফিকুল ইসলামকে সেক্রেটারি জেনারেল মনোনীত করা হয়েছে। অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও আশরাফ আলী আকনও বক্তব্য দেন।