উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নানা নাটকীয়তার পর আবারও ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পদে তার সম্ভাব্য দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন ও কনকাকাফ প্রধান ভিক্টর মন্তাগলিয়ানি নিজ নিজ সংস্থার নেতৃত্বে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে ফিফা সভাপতি নির্বাচনের সমীকরণ এখন পুরোপুরি ইনফান্তিনোর অনুকূলে চলে গেছে।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রি নিয়ে সম্প্রতি মহাদেশীয় ফুটবল সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে পড়েন ফিফা প্রধান। আগামী মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে তাকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে আলোচনা শুরু হয়েছিল।
তবে দুই প্রভাবশালী ফুটবল কর্মকর্তার সাম্প্রতিক সিদ্ধান্তে সেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন জানিয়েছেন, তিনি উয়েফার সভাপতি পদে চতুর্থ মেয়াদে নির্বাচনে অংশ নেবেন।
আলেকজান্ডার সেফেরিন বলেন, ফুটবল বিক্রির জন্য নয়— উয়েফা বহু বছর ধরে এই বার্তা বহন করে আসছে। আমাদের ঐক্য ও সুশাসন ফিরিয়ে আনাই এখন মূল কাজ।
কনকাকাফের সভাপতি ভিক্টর মন্তাগলিয়ানিও ফিফা সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনিও নিজ সংস্থার সভাপতি পদে শেষ মেয়াদের জন্য লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন।