উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনগণের ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। শুক্রবার (৯ অক্টোবর) মিরপুরে মেট্রোরেলের পিলারে ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ শীর্ষক ক্যাম্পেইনে যোগ দিয়ে তিনি এই কথা জানান। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার অটোরিকশা নিয়ন্ত্রণেও সুনির্দিষ্টভাবে কাজ করে যাচ্ছে।
শফিকুল ইসলাম খান বলেন, মিরপুর-১০ সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সব ফুটপাত অবৈধ হকারদের কবল থেকে মুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এছাড়া অটোরিকশা আন্দোলনের আড়ালে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও নেতাদের তৎপরতা নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি। জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না উল্লেখ করে তিনি গণতন্ত্রের পথে ও জনগণের কাতারে আসার আহ্বান জানান।
প্রশাসক জানান, মেট্রো পিলারে পোস্টার সরিয়ে গ্রাফিতি অঙ্কনের জন্য ৭২ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করা হয়েছে যেখানে কোনো রাজনীতিকরণ করা হবে না। দেশের আন্দোলন-সংগ্রামে যারা ভূমিকা রেখেছেন, তাদেরই কেবল গ্রাফিতিতে স্থান দেওয়া হবে। স্থানীয় মানুষের সহযোগিতায় শহরের প্রতিটি ফুটপাত দখলমুক্ত করা হবে এবং কোনো রাজনৈতিক দলের উসকানি সফল হতে দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।