উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যে পরিবারে আগামী ১৪ অক্টোবর ছেলেকে প্রবাসে বিদায় জানানোর প্রস্তুতি চলছিল, সেই পরিবারে এখন শুধুই শোকের মাতম। মেহেদির রঙ না শুকাতেই বিধবা হতে হলো রায়সাকে, আর রাউজানের এক বাঁকে থেমে গেল দুবাই প্রবাসী খোরশেদের জীবন।
মাত্র দুই মাস আগে শুরু হওয়া দাম্পত্য জীবনের রঙিন স্বপ্ন নিয়ে চাচাতো বোনের বিয়েতে স্ত্রী রায়সা ওসমানকে নিয়ে এসেছিলেন খোরশেদ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাউজান পৌরসভার নন্দনপার্ক কমিউনিটি সেন্টার থেকে অনুষ্ঠান শেষে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।
চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের কবি নবীন সেন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে সজোরে আছড়ে পড়ে। প্রচণ্ড ধাক্কায় দুজনই সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান খোরশেদ আলম।
গুরুতর আহত অবস্থায় ১৮ বছর বয়সী নববধূ রায়সাকে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান, যেখানে তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। রাউজান হাইওয়ে থানার উপ-পরিদর্শক শাহাজান জানান, বেপরোয়া গতির কারণে বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।