উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোট এলে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মোর দ্যান ইসলামিক হয়ে যান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদে বায়তুল মোকাররমে চলমান ইসলামি বইমেলার মঞ্চে এক অনুষ্ঠানে তরুণ আলেমদের উদ্দেশে তিনি এই কথা বলেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী ও তাঁর পরবর্তী আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্মরণে প্রকাশিত পত্রিকা তুরাস–এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা যেন আরেকজনের রাজনীতির ঘুঁটি না হয়ে নিজস্ব গেমের প্লেয়ার হতে পারি।
২০০৮ সালের নির্বাচন–পরবর্তী সময়ে আলেম–ওলামাদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্মম অত্যাচার করা হয়েছে উল্লেখ করে হাসনাত বলেন, কিন্তু সেগুলো নিয়ে ওই অর্থে উল্লেখযোগ্য একাডেমিক কোনো কাজ হয়নি। এ সময় কওমি সনদের কার্যকারিতা নিশ্চিত করার পাশাপাশি আলেমদের পেশাগতভাবে বহুমুখী হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আওয়ামী লীগ চলে গেলে অন্য ধর্মের মানুষেরা অনিরাপদ—এই প্রচার যে মিথ্যা, তা কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করার পরামর্শ দেন হাসনাত আবদুল্লাহ। এ ছাড়া বিভাজিত না হয়ে আলেমদের ঐক্যবদ্ধ থাকা এবং নিজস্ব গবেষণাপ্রতিষ্ঠান ও গণমাধ্যম তৈরি করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।