উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজা এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসটিতে তল্লাশি চালিয়ে ৯ হাজার পিস ইয়াবাসহ দুই তরুণকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুই তরুণ হলেন চিয়উছা চাকমা (২৩) এবং কালো চাকমা (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে মাদকের বড় চালান আসার গোপন গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি কৌশলগত অবস্থান নিয়ে টোল প্লাজার ৪ নম্বর লাইনের পশ্চিম পাশে শান্তি পরিবহনে তল্লাশি চালায়।
বাসে থাকা ওই দুই যাত্রীর দেহ তল্লাশি করে ৯ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটির বাদী হলেন অধিদপ্তরের ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।
মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের পক্ষ থেকে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।