উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রী সালেহা বেগমকে নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যার দায়ে স্বামী মো. জিল্লুর মোল্লাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং এই রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। দণ্ডপ্রাপ্ত জিল্লুর মোল্লা আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালে পারিবারিকভাবে জিল্লুর মোল্লার সঙ্গে সালেহার বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে নির্যাতন চালানো হতো। ২০১৯ সালের ১৮ এপ্রিল দুপুরে সালেহাকে মারধরের পর মুখে বিষ ঢেলে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হয়েছিল। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যু অস্বাভাবিক ও জোর করে বিষ খাওয়ানোর বিষয়টি প্রমাণিত হয়।
নিহত সালেহার দুলাভাই ইমরান মোল্লা বাদী হয়ে ২০১৯ সালের ৬ জুলাই জিল্লুর মোল্লাসহ ছয়জনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ ও পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে। তদন্ত শেষে ২০২১ সালের ২ নভেম্বর পিবিআই ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক মো. আবুল কালাম আজাদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।