উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে গাঁজা পরিবহনের সময় ১৫ কেজি গাঁজাসহ মাহিন উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সেকান্দার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং গাঁজা বহনে ব্যবহৃত অটোরিকশাটিও আটক করা হয়।
জেলা পুলিশের মিডিয়া উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা-পুলিশের একটি দল সেকান্দার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মাহিন উদ্দিন কসবা উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার বাসিন্দা এবং তাঁর বাবার নাম হারুন মিয়া। পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও বেচাকেনা প্রতিরোধে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া।