উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুর মহানগরীর পূবাইলে একটি ব্যাটারির গুদামের দুটি গেট খুলে ১১৯টি ব্যাটারি চুরির অভিযোগ উঠেছে। চুরি যাওয়া ব্যাটারিগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী গুদামমালিক মাহাথীর ভূইয়া। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে মহানগরীর পূবাইল থানাধীন নারায়ণকুল এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাহাথীর ভূইয়া জানান, পূবাইলের মীরের বাজারে তাঁর একটি ব্যাটারির দোকান রয়েছে এবং বিক্রির জন্য রাখা ব্যাটারিগুলো তিনি নারায়ণকুল এলাকায় নিজ বাড়ির গুদামে সংরক্ষণ করতেন। বুধবার ৭ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুদামের মালামাল দেখাশোনা করে তিনি ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে গুদামে গিয়ে দেখেন দুটি গেট খোলা এবং ভেতরে সংরক্ষিত বিপুলসংখ্যক ব্যাটারি নেই।
গুদাম থেকে চুরি যাওয়া ব্যাটারির মধ্যে ৩১টি নতুন ছোট আকারের, ২১টি নতুন মাঝারি আকারের, ৪৯টি নতুন বড় আকারের এবং ১৮টি পুরোনো ব্যাটারি রয়েছে। গুদামের পাশের কামাল ট্রেডার্স ফ্যাক্টরিতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে একটি নীল রঙের টাটা পিকআপ গুদামের সামনে আসে। পরে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি গুদামে প্রবেশ করে ব্যাটারিগুলো পিকআপে তুলে নিয়ে ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থল ত্যাগ করে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আতিকুর রহমান জানান, চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা বা চুরি যাওয়া ব্যাটারি উদ্ধারের কোনো তথ্য পাওয়া যায়নি।