উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, অনুসন্ধানে দেখা গেছে ওই নেতার ৭০০টি অটোরিকশা আছে। তাঁর এই বক্তব্যকে কাল্পনিক ও ভিত্তিহীন আখ্যায়িত করে এর পক্ষে প্রমাণ চেয়েছে জামায়াতে ইসলামী। প্রমাণ দিতে ব্যর্থ হলে ডিএনসিসি প্রশাসককে বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশ করার দাবি জানিয়েছে দলটি।
দলের সেক্রেটারি জেনারেলের বিষয়ে ডিএনসিসি প্রশাসকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের একটি বিবৃতি পাঠান। এর আগে সকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ঢাকা উত্তর সিটির জুলাই গ্রাফিতি রিমেক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান এই মন্তব্য করেন। তিনি বলেন, অটোরিকশা আন্দোলনের নামে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সেদিন দেখা গিয়েছিল এবং অনুসন্ধানে জানা গেছে ওই নেতার ৭০০টি অটোরিকশা রয়েছে।
জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের তাঁর বিবৃতিতে বলেন, ডিএনসিসি প্রশাসকের কাছ থেকে জনগণ দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করে এবং কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে এমন অভিযোগ তোলার আগে প্রমাণ দেওয়া অপরিহার্য। গত ৫ অক্টোবর ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ উপলক্ষে প্রস্তুতি সভা শেষে মিয়া গোলাম পরওয়ার অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ডিএনসিসি প্রশাসক তাঁর বক্তব্যে কারও নাম উল্লেখ না করলেও বেশ কিছুদিন ধরে টক শোতে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল।