উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কৃষি খাতের সবচেয়ে বড় প্রকল্প পার্টনারসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও সমমানের পদে রদবদল আনা হয়েছে। প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং মাঠপর্যায়ে কাজের অগ্রগতি বাড়ানোর লক্ষ্যেই এ পরিবর্তন করা হয়েছে। গত বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ শাখা থেকে উপসচিব মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব পদায়ন ও দায়িত্ব পরিবর্তনের আদেশ জারি করা হয়।
দেশের কৃষি খাতের অন্যতম বড় উদ্যোগ পার্টনার প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. সাখাওয়াত হোসেন শরীফ এবং তিনি আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হয়েছেন। বিশ্বব্যাংক ও ইফাদের সহায়তায় প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় প্রায় দুই কোটি কৃষকের মধ্যে স্মার্ট কৃষি কার্ড বিতরণের কার্যক্রম চলছে। এছাড়া টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের নতুন পিডি হয়েছেন মো. আবুল বাসার মিয়া।
মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের নতুন প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাসুদুর রহমান এবং তিনি বর্তমান পিডি রাসেল আহমেদ এর স্থলাভিষিক্ত হচ্ছেন। আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় মসলা উৎপাদন বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রায় ১৪৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। এছাড়া বিসিসিটির অর্থায়নে পরিচালিত মিনি কোল্ড স্টোরেজ-সংশ্লিষ্ট দুটি প্রকল্পের অতিরিক্ত দায়িত্ব থেকেও তালহা জুবাইরকে অব্যাহতি দিয়ে নতুন পিডি মো. আবুল বাসার মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
২০২৩ সালের জুলাইয়ে একনেকের অনুমোদন পাওয়া টিস্যু কালচার প্রকল্পের আওতায় আধুনিক ল্যাবরেটরি ও হর্টিকালচার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর ব্যয় প্রায় ২০০ কোটি টাকা। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর কার্যক্রমে আরও সমন্বয় ও গতি আসবে বলে আশা করা হচ্ছে। মাঠপর্যায়ে কাজের অগ্রগতি বাড়াতে এই প্রশাসনিক রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।