উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ শনিবার। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচিত হলো দেবীপক্ষ এবং শ্রীশ্রী চণ্ডীপাঠের মাধ্যমে শুরু হয়েছে দেবী দুর্গার আগমনী আবাহন। একই সঙ্গে পিতৃপক্ষের সমাপ্তিতে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনায় তর্পণ করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
শাস্ত্র মতে মহালয়া দুর্গোৎসবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি এবং এই দিনেই দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। পুরাণ অনুযায়ী ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত তেজ থেকে আবির্ভূত হয়ে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন। মহালয়ার ভোরে চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যলোকে আবাহন জানানো হয় এবং দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে বিশেষ পূজা ও চণ্ডীপাঠের আয়োজন করা হয়েছে।
সনাতন বিশ্বাস অনুযায়ী পিতৃপক্ষে প্রয়াত আত্মীয়স্বজন ও পূর্বপুরুষেরা মর্ত্যে আগমন করেন এবং তাদের আত্মার শান্তি কামনায় জল, তিল ও অন্ন উৎসর্গ করা হয়। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। পরবর্তীতে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসব শেষ হবে এবং এ বছর দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে ও গমন হবে নৌকায়।