উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। নিক্ষিপ্ত ককটেল দুটির মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি সফলভাবে নিষ্ক্রিয় করেছে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি ঘটনাস্থলে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। তারা চারপাশ পর্যবেক্ষণ করার পর ককটেল দুটি নিক্ষেপ করে সেখান থেকে দ্রুত চলে যান।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত দুই আরোহী আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে পালিয়ে গেছেন। ঘটনার পরপরই জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে পুলিশের বিশেষ দল।
উপকমিশনার ইবনে মিজান আরও জানান, অপরাধীদের ধরতে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ চলছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।