উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ প্রস্তুত করা এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার মাধ্যমে নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি নতুন প্রজন্ম খেলাধুলায় যুক্ত হলে আগামী পাঁচ বছরের মধ্যে একটি সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে।
শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে আয়োজিত ‘আন্তঃস্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সারা দেশে খেলার মাঠের সংকট নিরসনে ইতোমধ্যে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে মাঠ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর আহ্বানে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এর ধারাবাহিকতায় প্রথম ধাপে আগামী ডিসেম্বরের মধ্যে ১ হাজার ইউনিয়নে ১ হাজার মাঠ খেলার উপযোগী করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলাকে তিনি রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে রাখার আহ্বান জানান।
খুদে জিমন্যাস্টদের প্রদর্শনী দেখে মুগ্ধ হয়ে আমিনুল হক আশা প্রকাশ করেন, তরুণ অ্যাথলেটদের বছরব্যাপী মানসম্মত অনুশীলনের সুযোগ দেওয়া গেলে অলিম্পিকের মতো বৈশ্বিক আসর থেকেও পদক জয় সম্ভব। তিনি জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামটি পূর্ণাঙ্গভাবে জিমন্যাস্টিকস ফেডারেশনের কাছে হস্তান্তরের আশ্বাস দেন।
এবারের আন্তঃস্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় ৫৪টি স্কুলের ২২২ জন জিমন্যাস্ট অংশ নিচ্ছে, যাদের মধ্যে ১১৮ জন বালক এবং ১০৪ জন বালিকা। উদ্বোধনী অনুষ্ঠানে জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামালসহ সংগঠনের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।