উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার ধামরাই উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে ২৩২টি পূজামণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার মণ্ডপগুলোতে প্রতিমায় রঙের শেষ আঁচড় দেওয়া, অলংকরণ, প্যান্ডেল তৈরি ও আলোকসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও আয়োজকেরা।
গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়ায় ঐতিহ্যবাহী ঠাকুরবাড়ির পূজামণ্ডপে প্রতিমা সাজানোর কাজ চলছে। সেখানকার প্রতিমাশিল্পী স্বপন পাল জানান, চার দিন আগেই মাটির কাজ শেষ হয়েছে। প্রতিটি অংশের সৌন্দর্য নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সময় ও শ্রম বেশি লাগলেও গুণগত মান ঠিক রাখতে তাঁরা সতর্কতার সঙ্গে রং করছেন।
অন্যদিকে উপকরণের দাম বাড়লেও পারিশ্রমিক না বাড়ায় আর্থিক চাপে রয়েছেন প্রতিমাশিল্পীরা। ধামরাই পৌরসভার একটি মণ্ডপে কর্মরত কারিগর শ্যামল পাল বলেন, রঙের দাম অনেক বাড়লেও সেই অনুপাতে তাঁদের মজুরি বাড়েনি। ফলে বাড়তি খরচের চাপ সামলেই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হচ্ছে।
পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবক দল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। ধামরাই উপজেলা মন্দির কমিটির সদস্য সচিব রঞ্জিত পাল জানান, মণ্ডপে সিসিটিভি স্থাপন বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন।
উৎসব চলাকালে ধর্মীয় সম্প্রীতি ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন জানান, নামাজ ও আজানের সময় সাউন্ড সিস্টেমের ব্যবহার সীমিত রাখতে আয়োজকদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বজায় থাকে।