উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া শনিবার (১০ অক্টোবর) উদযাপিত হচ্ছে। শ্রীশ্রী চণ্ডীপাঠ, মন্ত্রোচ্চারণ ও ভক্তিমূলক সুরের মধ্য দিয়ে এদিন মর্ত্যলোকে দেবী দুর্গার আবাহন এবং বহুল প্রতীক্ষিত দেবীপক্ষের সূচনা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ভোর থেকেই রাজধানী ঢাকাসহ দেশব্যাপী মন্দির ও পূজামণ্ডপগুলোতে শুরু হয়েছে মহালয়ার নানা আনুষ্ঠানিকতা। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঐতিহাসিক রমনা কালীমন্দির, স্বামীবাগের লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন স্থানে পুণ্যলগ্নটি উদযাপিত হচ্ছে।
সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ চণ্ডীপাঠ ও প্রার্থনার মধ্য দিয়ে দেবীকে আহ্বান জানানো হয়। চণ্ডীপাঠের পর সনাতন ধর্মাবলম্বীরা শাস্ত্রীয় প্রথা অনুযায়ী প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় অঞ্জলি দেন এবং ‘তিল-তর্পণ’ অনুষ্ঠানে অংশ নেন।
মহালয়ার মধ্য দিয়েই শারদীয় দুর্গোৎসবের মূল ক্ষণগণনা শুরু হলো। শাস্ত্রীয় বিধান অনুযায়ী এদিন মণ্ডপে মণ্ডপে ঘট স্থাপনের মাধ্যমে দেবী কৈলাস থেকে মর্ত্যলোকের বেলতলায় অবস্থান নেন। এরপর ষষ্ঠী পূজার মাধ্যমে দেবীর মূল আগমনের অপেক্ষায় প্রহর গুনবেন ভক্তরা।