উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারের বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ৯ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের শেখেরতালুক এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতদল প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে এবং খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মো. মতিন উল্লাহ জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে খুন্তি ও শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি দল বাড়িতে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে তাকে ও পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে লুটপাট চালায় এবং যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে মনিটর ও হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ডাকাতরা ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা, দুটি স্মার্টফোন, কম্পিউটার, ওয়াই-ফাই রাউটারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে প্রস্তুত রয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।