উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আজ ১০ অক্টোবর, শহীদ জেহাদ দিবস। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসৈনিক শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে তাঁর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির নেতারা।
শনিবার সকালে নব্বইয়ের সাবেক ছাত্রনেতাদের পক্ষ থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমানের নেতৃত্বে শহীদ জেহাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার।
এ ছাড়া নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া সাবেক ছাত্রনেতা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শহীদ জেহাদের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে উপস্থিত নেতারা নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর আত্মত্যাগের কথা স্মরণ করেন।
উল্লেখ্য, ১৯৯০ সালের ১০ অক্টোবর তৎকালীন স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন চলাকালে রাজধানীর পল্টন এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন তৎকালীন ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদ। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে ঢাকায় এসেছিলেন।