উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অনলাইনভিত্তিক চাকরি ও বিনিয়োগের প্রলোভনে ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ৮ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে প্রীয়ন্তী সরকার চিত্রা (২২) নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়। শনিবার সিআইডির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিদেশি পর্যটনকেন্দ্রের রেটিং ও ফিডব্যাক দেওয়ার কাজ করে দিনে ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা আয়ের প্রলোভনে পড়েন এক ব্যবসায়ী। নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আদলে তৈরি নকল ওয়েবসাইটে তাকে কাজ দেওয়া হয় এবং শুরুতে কিছু টাকা পারিশ্রমিকও দেওয়া হয়। পরে বিনিয়োগের বিপরীতে আকর্ষণীয় মুনাফার প্রস্তাব দিয়ে তার কাছ থেকে মোট ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা হাতিয়ে নেওয়া হয়।
সিআইডি জানায়, ২০২৫ সালের আগস্টে টেলিগ্রামের মাধ্যমে ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে প্রতারক চক্রটি। চক্রের অন্য সদস্যদের বিনিয়োগের প্রমাণ দেখে আকৃষ্ট হয়ে ওই ব্যবসায়ী গত ২০২৫ সালের ২২ আগস্ট নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের হিসাব থেকে টাকা পাঠান। প্রতিশ্রুত মুনাফা বা মূলধন না দিয়ে উল্টো আরও টাকা দাবি করা হলে ভুক্তভোগী ব্যবসায়ী আদালতের মাধ্যমে ২০২৫ সালের ১ নভেম্বর পল্টন থানায় মামলা করেন।
সিআইডি জানিয়েছে, একই মামলায় প্রীয়ন্তী ছাড়াও বিভিন্ন সময়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে, যাদের মধ্যে চারজন দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অনলাইনভিত্তিক চাকরি বা অপরিচিত মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার এবং প্রতারণার শিকার হলে ডিজিটাল তথ্য-প্রমাণ সংরক্ষণ করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দিয়েছে সিআইডি।