উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। শনিবার (১০ অক্টোবর) মোহাম্মদপুর বসিলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি এবং মোহাম্মদপুর চল্লিশ ফিট খাল সংস্কার কর্মসূচি পরিদর্শনে তিনি একথা বলেন।
শফিকুল ইসলাম খান বলেন, মোহাম্মদপুর এলাকার খাল সংস্কার ও পুনরুদ্ধার, ডেঙ্গু মুক্ত নগরায়নে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জোরদার, ফুটপাত অবৈধ দখলমুক্ত করে জনগণের চলাচল নিশ্চিতকরণ এবং অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার, জনগণের সরকার। তাই জনগণ যা চায় তাই করা হবে।
তিনি জানান, মিরপুর ১০ এর ফুটপাতে হকার উচ্ছেদ ও অবৈধ দখলের বিরুদ্ধে জনগণ দাঁড়িয়ে গেছে এবং জনগণ উত্তর সিটি কর্পোরেশনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। অটো রিকশা এখন ঢাকা শহরে সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং জনগণ এখন আর ঢাকা শহরে অটোরিকশা দেখতে চায় না।
তিনি আরও জানান, ১০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০টি আঞ্চলিক কেন্দ্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী উপস্থিত ছিলেন।