উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর প্রতিটি বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, সপ্তাহে অন্তত এক দিন সবাই নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখলে ঢাকা শহর অপরিচ্ছন্ন থাকবে না। আজ শনিবার ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
সকালে মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আবদুস সালাম জানান, সরকারের নির্দেশনায় প্রতি শনিবার এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। তিন মাসের এই কর্মসূচি বাস্তবায়ন করা গেলে রাস্তাঘাট পরিচ্ছন্ন থাকবে এবং ডেঙ্গুর ঝুঁকি কমবে। তবে শুধু সিটি করপোরেশনের কর্মীদের দিয়ে নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগত উদ্যোগে পানি অপসারণ করা না গেলে সিটি করপোরেশনকে জানাতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমান।
এদিকে শনিবার রাজধানীর স্বামীবাগে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে আবদুস সালাম বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি বা ব্যবসা করা উচিত নয়। ধর্মীয় পরিচয় যা-ই হোক, দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা সমান।