উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য নৌকাবাইচ। শনিবার ৩ অক্টোবর জেলার বেউথা এলাকায় কালীগঙ্গা নদীতে আয়োজিত এ নৌকাবাইচ দেখতে সকাল থেকেই নদীর দুই পাড়ে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের উপস্থিতি কয়েক লাখে পৌঁছায় এবং পুরো বেউথা এলাকা উৎসবের মিলনমেলায় পরিণত হয়।
দুপুরে নদীর বুকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বড় ও ছোট মিলিয়ে প্রায় ৩০টি নৌকা অংশ নেয়। ঢাক-ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে মাঝিদের ছন্দময় বৈঠার আঘাতে নৌকাগুলো এগিয়ে যায় এবং দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদের জন্য মোট ৪টি মোটরসাইকেল ও ১৬টি ফ্রিজ পুরস্কার হিসেবে নির্ধারণ করায় প্রতিযোগীদের মধ্যে বাড়তি উৎসাহ কাজ করে।
নৌকাবাইচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী ও সংসদ সদস্য মিজ আফরোজা খানম রিতা। নৌকাবাইচ উপলক্ষে কালীগঙ্গা নদীর দুই পাড়ে বিভিন্ন অস্থায়ী দোকানপাট বসার পাশাপাশি শিশু-কিশোরদের খেলনা ও বিনোদনের নানা আয়োজন ছিল।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরাও দায়িত্ব পালন করেন এবং নদীতে নিরাপত্তা নিশ্চিত করা হয়। স্থানীয়রা ঐতিহ্যবাহী এ আয়োজন অব্যাহত রাখার মাধ্যমে কালীগঙ্গা নদীর পুরোনো ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণের প্রত্যাশা ব্যক্ত করেন।