উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিরাজগঞ্জের তাড়াশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হয়। এই নির্বাচনে হাসেম-ইসমাইল-ফরহাদ-উজ্জ্বল প্যানেল এবং রফিক-মন্টু-আহম্মেদ মামুন প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৭৬ ভোট পেয়ে আবু হাসেম নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম পেয়েছেন ১৮৫ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. ইসমাইল হোসেন ৩৮৮ ভোট এবং সেক্রেটারী পদে তরিকুল ইসলাম মন্টু ৩৮৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। কোষাধ্যক্ষ পদে মামুনার রশিদ মামুন ৩৫০ ভোট এবং ডিরেক্টর পদে আব্দুল মোমিন খোকন ও আব্দুল হান্নান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা দ্বীন বন্ধু মৃধা জানান, অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। মোট ৭০৮ জন ভোটারের মধ্যে ৬৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ও সকলের সহায়তায় একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে।