উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফেনীর সোনাগাজীতে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও নিষিদ্ধ সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে বড় ফেনী নদীতে মাছ শিকার করার অভিযোগে ৩ হাজার মিটার চরঘেরা ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মুহুরী প্রকল্প এলাকা থেকে চর খোন্দকার ও চর আবদুল্লাহ এলাকায় বড় ফেনী নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া এই অভিযানে নেতৃত্ব দেন। এসময় মৎস্য কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে কিছু অসাধু জেলে নদীতে জাল ফেলে নৌকা নিয়ে দ্রুত পালিয়ে যায় এবং পরে নদী থেকে ৩ হাজার মিটার চর ঘেরা ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলো পরবর্তীতে জনসমুক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার, সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পালসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেন। উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে গত ৮ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছে এবং আগামী ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।